News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

টালিউডের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-07, 11:55pm

rtgerwerwew-9c9e41d7ed93625b0813cc92999b66ef1775584519.jpg




এক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সাথে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে দিনভর বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। দফায় দফায় আলোচনায় শিল্পী ও টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নেন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো কাজ করবেন না তারা।

এ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,আগামীকাল থেকে আর কোনো কর্মবিরতি থাকছে না। তবে যতদিন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত হয় এবং সত্য সামনে আসে ততদিন ওই সংস্থাকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাখা হবে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন,আজকে টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এখানে আমাদের কারোর কোনও ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে সে চোখ খুলে দিয়ে গেছে। ওর জন্যই আজ এতজন কলাকুশলী, শিল্পী সবাই একসঙ্গে।

এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বন্ধ হয়ে গেছে ম্যাজিক মোমেন্টসের ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়াল। তবে ‘চিরসখা’ সিরিয়াল চলমান থাকলেও আপাতত এর শুটিং বন্ধ রয়েছে। 

জানা যায়, ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার পাশাপাশি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে সব সিরিয়ালের সঙ্গে যুক্ত রয়েছেন সেগুলোতে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। 

প্রসঙ্গত, টেকনিশিয়ান স্টুডিওর আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, পিয়া সেনগুপ্ত মতো তারকারা।