News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

ইরান যুদ্ধ কীভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির রূপ বদলে দিচ্ছে?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-25, 9:00am

iraan_yuddh_thaam-1-13257af4e096c076c7b381833b2152841795575631.jpg




সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি ‘এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বিমান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা যাচ্ছে। এএফপির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেশ বিশাল। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রায় ১৯টি বড় সামরিক স্থাপনায় অন্তত ৫০ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাগুলো স্পষ্ট করে দিয়েছে। ফলে যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলন মনে করেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি সংকুচিত করবে। তার মতে, ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলো আকারে ছোট, আরও ছড়ানো-ছিটানো, সুরক্ষিত ও ইরান থেকে তুলনামূলক দূরে সরিয়ে নেওয়া হতে পারে। আগামী শনিবার (২৮ নভেম্বর) এই যুদ্ধ দশম মাসে পদার্পণ করতে যাচ্ছে। মার্কিন স্থাপনাগুলোর ওপর ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে।

 শতকোটি ডলারের ক্ষয়ক্ষতি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মেরামতের বিশাল ব্যয়। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি (৯.৪ বিলিয়ন) ডলার খরচ হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর অন্যতম। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকেই ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ নামক এই ঘাঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতে ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে।

এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর পর্যন্ত ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি (৪৭ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে।

বড় সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে নতুন চিন্তা

সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতি হলে সেনাসংখ্যা কমানো হবে ও ইরানের হামলায় বিধ্বস্ত সব ঘাঁটি আর নতুন করে তৈরি করা হবে না। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটির কথা উল্লেখ করেন।

ক্যানসিয়ান জানান, বিমান হামলা থেকে বাঁচতে কিছু সামরিক স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে ও অন্যগুলো উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিকো বলেন, বাহরাইন বা কাতারের বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় এখন দায় হয়ে দাঁড়িয়েছে। স্থায়ী বড় ঘাঁটির বদলে যুদ্ধকালীন সময়ে ব্যবহারের জন্য অস্থায়ী ঘাঁটি ও বিমানবন্দর ব্যবহারের নেটওয়ার্ক গড়ে তোলাই এখন বেশি কার্যকর- যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর ব্যবহার করা হয়েছে।

আঞ্চলিক দেশগুলোর অবস্থান ও নতুন জোট

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কমানো ওয়াশিংটনের দীর্ঘদিনের লক্ষ্য। ২০২১ সালে জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছেন। তবে নতুন সংঘাতের কারণে পুরোপুরি সেনা কমানো সম্ভব হয়নি।

এদিকে আঞ্চলিক মিত্ররাও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়ছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। এই তিন দেশের সম্মিলিত সক্রিয় সেনাসংখ্যা ১৪ লাখের বেশি এবং প্রতিরক্ষা বাজেট ১২ হাজার ৪০০ কোটি (১২৪ বিলিয়ন) ডলারের ওপরে। ভবিষ্যতে মিসর ও সিরিয়াও এই জোটে যুক্ত হতে পারে, যা মধ্যপ্রাচ্যকে মার্কিন সামরিক ছায়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বাড়ছে ক্ষোভ

মধ্যপ্রাচ্যে ঘাঁটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মার্কিন ভোটারদের অসন্তোষও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ ও গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থন আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধ করুক।

এই যুদ্ধের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে ট্রাম্পের রিপাবলিকান পার্টি যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসনগুলোতে পরাজিত হয়েছে। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

বিশেষজ্ঞ কেলি গ্রিকোর মতে, ১৯৯০-৯১ সাল থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে সাধারণ আমেরিকান ও উভয় দলের রাজনীতিবিদরাই এখন এই অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনীকে সরিয়ে আনার পক্ষে ঝুঁকছেন।