News update
  • Climate talks start in Antalya, after wrangle over agenda items     |     
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     

ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে তলব মার্কিন আদালতের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-10, 6:27pm

thumb_for_2_2-1-a9cef5928519cdfbfd101598959063e71794313622.jpg




জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে তলব করেছে মার্কিন আদালত। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় মার্কিন আদালত এ সমন জারি করে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইতোমধ্যে ভারত সরকারের কাছে সমন পাঠিয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে এ সমন পাঠানো হয়। খবর ফার্স্ট পোস্টের।

পান্নুনের দায়ের করা এই মামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে বিবাদী করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পান্নুন তার প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলায় পান্নুন অভিযোগ করেন, তাকে হত্যার ষড়যন্ত্রের পেছনে অজিত দোভাল ও ‘র’-এর হাত রয়েছে।

ভারত সরকার পান্নুনকে একজন সন্ত্রাসী এবং তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-কে একটি বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই সংগঠন ও এর সদস্যরা খলিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় সক্রিয়। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে তারা সহিংসতা চালানোর আহ্বান জানিয়েছে এবং ভারতে হামলার হুমকিও দিয়েছে।

এই আন্দোলনের লক্ষ্য হলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ‘খলিস্তান’ নামে একটি শিখ রাষ্ট্র গঠন করা। কয়েক দশক ধরে পাঞ্জাবে এই আন্দোলনের জেরে রক্তক্ষয়ী বিদ্রোহ চলেছিল, যা নব্বইয়ের দশকে স্তিমিত হয়ে আসে। এরপর থেকে এই আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতারা বিদেশে, বিশেষ করে কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে নেন এবং সেখান থেকেই তাদের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

পান্নুনের এই মামলাটি মার্কিন বিচার বিভাগের করা এক মামলার সূত্র ধরেই এসেছে। এই মামলাটি মূলত নিখিল গুপ্তা নামের এক ভারতীয় মাদক ও অস্ত্র চোরাকারবারিকে নিয়ে মার্কিন বিচার বিভাগের তদন্তের ভিত্তিতে করা হয়েছে। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

মার্কিন বিচার বিভাগ নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, নিখিল গুপ্তা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত বিকাশ যাদবের সঙ্গে মিলে কাজ করতেন এবং তারা অন্যান্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এই মাসের শেষের দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।