News update
  • PM urges SSF to ensure security without distancing him from people     |     
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     

সমঝোতা স্মারকে ট্রাম্প-পেজেশকিয়ানের সই, যুদ্ধ অবসানের ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-06-18, 9:27am

1782bab3a77ccc494921aa470c7dd0c9fdbbc29ea1394c8e-71fea1f38d90c7b7931fbcb130af97241781753251.jpg




সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে দুই দেশের পক্ষে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্মারকে সই করেছেন। হোয়াইট হাউস ও তেহরানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) তিনি স্বাক্ষর করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) ফ্রান্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ভার্সাইয়ে স্বাক্ষর করা হয়েছে। মাত্রই স্বাক্ষর করলাম।’

এর আগে ইরান জানায়, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার ভোরে বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ তেহরান ও ওয়াশিংটনের স্বাক্ষরের পর পূর্ণাঙ্গভাবে কার্যকর ও আনুষ্ঠানিক মর্যাদা পেয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ বাঘাইয়ের এ বক্তব্য প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চুক্তিটি ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করা হবে এবং এর আওতায় আলোচনাগুলো কেবল পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ বিষয়েই সীমাবদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে সময় বাড়ানোর সুযোগ রেখে উভয় পক্ষ সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত আলোচনা চালাবে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলা এবং এর জবাবে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার হুমকির পর জরুরি আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারসংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যত শুরু হয়েছে।

বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালি সম্পর্কিত ইরানের প্রতিশ্রুতিগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাস্তবায়ন শুরুর পর কার্যকর হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছেন, সমঝোতা স্মারকটি বুধবার স্বাক্ষরিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ভার্সাই প্রাসাদে এক নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চুক্তির একটি কপিতে স্বাক্ষর করেন।

প্রতিবেদন অনুযায়ী, স্বাক্ষরিত চুক্তির একটি ছবি পরে ইরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পাঠানো হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৪ দফার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জুন) মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমের সামনে চুক্তির বিভিন্ন ধারা তুলে ধরেন।

প্রকাশিত নথি পর্যালোচনায় দেখা যায়, এতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল, জব্দ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে তেহরানের প্রতিশ্রুতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নথিতে উল্লেখ করা হয়নি।