
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘ডনাল্ড ট্রাম্প’ নামে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন খামার মালিকপক্ষ।
সোমবার (২৫ মে) বিকেলে মহিষ ‘ডনাল্ড ট্রাম্পে’র ক্রেতা মহিষটিকে নিজ বাড়িতে নিয়ে যেতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।
এর আগে এদিন দুপুরে শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি সম্পন্ন করেন। পরে মহিষ ডনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে নানা রঙ ছড়িয়ে লাল গালিচা বিছিয়ে উৎসবমুখর পরিবেশে বিদায় জানানো হয়।
এসময় খামার মালিক ও কর্মচারীরা সহ স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। মহিষটিকে ঘিরে দুইপাশ থেকে ফুলের পাঁপড়ি ছিটানো হয়। ডনাল্ড ট্রাম্প নামের ভাইরাল মহিষটিকে বিদায় জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন খামার মালিক ও তার কর্মচারীরা।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘মহিষ ডনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়। তবে আমি ও আমার পরিবার আজীবন ডনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে মনে রাখব।’
অপরদিকে, ডনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে নিজ বাড়িতে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা রাজধানীর পুরান ঢাকার জিনজিরা এলাকার বাসিন্দা সামির। তিনি বলেন, ‘৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে বেশ কিছুদিন আগে ক্রয় করে খামারের তত্ত্বাবধানে রেখে গিয়েছিলাম। কোরবানির উদ্দেশ্যে কেনা মহিষটি বিশ্বজুড়ে এভাবে ভাইরাল হয়ে যাবে; তা আমি কল্পনাও করি নি। এখন মহিষটিকে দেখার জন্য আমার নিজ এলাকার লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
জানা গেছে, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল প্রজাতির মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডনাল্ড ট্রাম্প। মহিষের নাম ‘ডনাল্ড ট্রাম্প’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। পরে মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়।
দাঁত দেখে গরুর বয়স জানুন, বুঝে নিন কোরবানির জন্য উপযোগী কিনা
ডিজিটাল স্কেল ছাড়াই খুব সহজে ফিতায় মেপে বের করুন গরুর ওজন
বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।
এরপর ডনাল্ড ট্রাম্প নামের ভাইরাল মহিষটিকে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খামারটিতে আসতে শুরু করেন। সোমবার বিকেলে ভাইরাল মহিষ ডনাল্ড ট্রাম্পকে পুরান ঢাকার জিনজিরায় নিজ বাড়িতে নিয়ে যান ক্রেতা সামির। সেখানেও রাজকীয় স্টাইলে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করা হয় মহিষ ডনাল্ড ট্রাম্পকে।