News update
  • Tarique Joins Antalya Leaders' Summit at COP31     |     
  • Tarique Exchanges Greetings With World Leaders at COP31     |     
  • Climate crisis could push 141m more women into extreme poverty     |     
  • COP31: Energy transition at centre stage for way beyond coal, oil     |     
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-11-11, 1:44pm

img_20261111_134414-d9238667d158f75a55f104df676113f01794383085.jpg




দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে জানানো হয়, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করে। একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতাকে অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন ওইএস নেতারা।

এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন- সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগঠনটি।