News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রকাশকদের জন্য বড় সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2026-02-19, 10:57am

3f81ac8d924eb739e1efb8ac7f05eb7476d2728720c43630-5c674bd335f37a8eac327036ac17952c1771477036.jpg




পাঁচ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা-২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। গৃহীত সিদ্ধান্তগুলো হলো-

১) অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

২) বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

৩) ২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক এর আগে স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি। তবে পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা ঈদের পরে করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ। অন্যথায় বইমেলায় অংশ নেয়া সম্ভব হবে না বলেও ঘোষণা দেন। এ জন্য বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপও চেয়েছিলেন তারা।