News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

দ্রুত নিয়োগের দাবি নিয়ে শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-11-15, 1:16pm

img_20261115_131619-53a13b95429e3ff8b18334e680acc3011794726996.jpg




১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৫ নভেম্বর) শাহাবাগে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান সুপারিশবঞ্চিত প্রার্থীরা তারা।

প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছিল। এ পরীক্ষায় পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা দুইবার নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।

তারা দাবি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা জানান, দাবি আদায়ে তারা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন আন্দোলন করেছেন।

সবশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত্রিযাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন, দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মূল দাবি তুলে ধরেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো—

১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা।

২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা।

৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।