News update
  • EC Plans First-Phase Elections in 1,050 Union Parishads     |     
  • Rohingya crisis now a security concern for Bangladesh: Shama     |     
  • Hasina Is a Convict, Legal Steps Underway to Bring Her Back     |     
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-11-08, 7:05pm

img_20261108_190254-fb32c07781ea7f840939096e3d6e62861794143114.jpg




এমপিওভুক্ত শিক্ষকরাও অন্যদের সঙ্গে একই পে স্কেল পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যে বৈষম্য ছিল, তা দূর করে সবাইকে একই পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেল পাবেন।

তিনি আরও বলেন, আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি এবং আমরা সবাই এবার নতুন পে স্কেল পেয়েছি। আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা দুর্বলতায় ছিলেন, তা দূর করে সকলে মিলেই একই পে স্কেল পেতে যাচ্ছে। শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আমরা সকলে মিলে কাজ করব।

শিক্ষার ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ। প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গুরুত্বপূর্ণ। তবে এ প্রযুক্তির অপব্যবহার করা যাবে না।

তিনি বলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এসব বিজ্ঞানীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে সরকার।

মন্ত্রী বলেন, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তাদের নিয়ে কাজ করতে চায় সরকার। তবে গবেষণার নামে কোনো ধরনের প্লেজিয়ারিজম বা অন্যের গবেষণা চুরি গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রী আরও বলেন, আপনারা সকলেই গবেষণা করবেন, এটা আমি চাই। আমি চাই, আপনারা কিছুদিন শিক্ষকতা করার পরে সবাই গবেষণা করবেন, অর্থাৎ পিএইচডি করবেন। এটা অত্যন্ত জরুরি। তবে এখনই নয়। আপনারা লেকচারারশিপ শেষ করার পরে, যখন প্রফেসর হবেন, তখনই আপনারা ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় প্রবেশ করবেন। কারণ আপনারা সবাই শিক্ষক হবেন। আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমি খুশি হয়েছি যে নাই থেকে এই আইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট এটাও বুঝতে হবে, এআইকে মিসইউজ করা যাবে না।