News update
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     

ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু বেড়ে ৩৮৪

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-10-25, 5:06pm

ddenggute_ekdine-1-8de3307fd28a0ccbe19350aad8a13e541792926387.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন, যা এ বছরের রেকর্ড। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন।

এর আগে, গত ১১ অক্টোবর দুই হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর দুই হাজার ১৬৭, ২৭ সেপ্টেম্বর দুই হাজার ১৫৮ ও ১৮ অক্টোবর দুই হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।