
স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত দুই সরকার। তাদের ব্যর্থতায় এবং টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম চালু রয়েছে।
আশা করছি, অল্প সময়ের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে, বলেন তিনি।
আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী দায়িত্বে অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন ও দুর্নীতির দায়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়েন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।