News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

হামে আক্রান্তদের আইসোলেশনে রাখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-04-10, 2:41pm

erweqweqwe-5685b6e87481aa41a6fbc5da1128786f1775810469.jpg




বর্তমানে দেশজুড়ে আতঙ্কের নাম সংক্রামক ব্যাধি হাম। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে এই রোগ। হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৫৯৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি বেশির ভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। হাম অন্য যেকোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘনবসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে।

শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মীর্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘হাম হচ্ছে ভয়াবহ একটা সংক্রামক ব্যাধি। এক জায়গায় যদি হয়, দেখা যায় বিশাল একটা জনসংখ্যা নিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। ঢাকায় জনসংখ্যা ধারণের সক্ষমতা প্রায় ৫০ লাখ, সেই শহরে ৩ কোটি মানুষ বসবাস করে। ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে।’ 

হামের প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘যারা হামের আক্রান্ত হয়েছে কিন্তু গুরুতর অবস্থা নয়, তাদের যদি স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখার পাশাপাশি চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাহলে হাম আর ছড়াবে না। এই কাজ করতে পারলে সর্বোচ্চ সুরক্ষাটা পাবো। তবে চিকিৎসা হামের টিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

 গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। আর ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।