News update
  • Borrowing from central bank ‘suicidal’ for economy: Dr. Fahmida     |     
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     
  • 7-year Sukuk worth Tk 5,900cr planned for rural bridge project     |     
  • Unplanned bundhs worsen flooding, crop losses in Sunamganj haors     |     

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-19, 8:07am

img_20250919_080533-378641b670835eeb449967891dc0e20c1758247647.jpg




তালেবান সরকারের (ইমারাত এ ইসলামিয়া) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাত আলেম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তারা।

মাওলানা মামুনুল হক ছাড়াও এই দলে আরও রয়েছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

এ ছাড়া, সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধিদলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এর আগে, ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ বাংলাদেশের আলেমদের এই প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে বুধবার সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান। এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।