News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

বাসায় ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন আইভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-06-04, 7:47am

45d7c1a231a743dd86c05ddc7c18addde2d154a21f382206-1-7fecb26e67c716ae97f0cf09ca4e753e1780537650.jpg




দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত ১২টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায়  নিজ বাড়ি চুনকা কুটিরে এসে পৌঁছান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

এসময় তার নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসি আইভীর বাড়িতে এসে ভিড় করেন। পরিবারের সদস্যগণ ও আত্মীয় স্বজনদের কাছে পেয়ে বেশ উৎফুল্ল ও হাসিখুশি দেখা যায় আইভীকে।

বিভিন্ন গণমাধ্যমেরকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এসময় বর্তমান সরকার ও বিচার বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।

তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই সকলকে নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হোক। কারাগারে আমার মতো আরও অনেক মায়েরা আছে। যারা নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।’

এর আগে বুধবার রাত ১১টা থেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আইভীর বাড়ির আশপাশে মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নিজ বাড়িতে প্রবেশ করেন আইভী।

২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আইভী। এর পর থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা  হত্যা ও হত্যাচেষ্টা সহ বেশ কিছু মামলায় আসামি করা হয় তাকে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।