News update
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     

ড. শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড আবেদন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-07, 3:26pm

8ee99662e6a78ef5311e00002a669fdd5c155f80b4aa4863-b4b719eb4a7a95d1c87192db552752651775554017.jpg




বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এই আবেদন জানানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের (লালবাগ বিভাগ) পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ড. শিরীন শারমিন চৌধুরীকে আজ ভোররাত ১টা ২০ মিনিটে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে পুলিশ ও দলীয় ক্যাডাররা নির্বিচারে গুলি চালায়। ওই হামলায় মো. আশরাফুল (ফাহিম) নামে এক যুবকের চোখে গুলি লেগে রেটিনা ছিদ্র হয়ে যায় এবং তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান।

পুলিশের আবেদনে আরও বলা হয়, ঘটনার দিন দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড. শিরীন শারমিন চৌধুরী কুশীলব হিসেবে সক্রিয় ছিলেন। তার এবং অন্যান্য শীর্ষ আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এই বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে তথ্য এড়িয়ে গেছেন। মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্য পরিকল্পনাকারী এবং পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করার লক্ষ্যে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়া ও তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আজই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।