News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

নামের ভুলে ১৮ বছর কারাবাস, মাকে দেখতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-25, 9:03am

gaajiipur-9199ef4f5ac74c74f49184dc46919fd71795575830.jpg




শুধু নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটাতে হয়েছে বাংলাদেশি নাগরিক বাদল ফরাজিকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে স্বজনদের কাছে ফিরছেন বাদল। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিরাপত্তায় নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বাদল ফরাজিকে নিরাপদে বাগেরহাটে পৌঁছে দিতে মহানগর পুলিশের একটি দল এসকর্টের দায়িত্ব পালন করেছে। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নেয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা এক আদেশে বাদল ফরাজির চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়া এবং প্যারোলের শর্তগুলো যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাদল ফরাজির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এ সিদ্ধান্তকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে। তবে বিশেষ বিবেচনায় বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। তার মতে, বন্দিদের মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

জানা যায়, ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় শুধু নামের মিল থাকায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারেই বন্দি ছিলেন তিনি। সর্বশেষ তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়ায় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহযোগিতা করে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে তাকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।