News update
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-05-09, 3:13pm

2009a8d1cbcf5be2a22c6e49d7e3b063046d46e63a439a8d-7d429c767fedd0f27cc84dbf3824c0291778318033.jpg




কলেজছাত্র শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্টকারে চড়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের গাড়িটি পর্যবেক্ষণ করেন তিনি।  

এক পর্যায়ে তার স্মার্টকারে চড়ে বসেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে নিয়ে গাড়ি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।   

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।  

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্টকার তৈরির গল্প শোনান ওয়াকিমুল। বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাইরে যেতে পারতেন না। কীভাবে একা বাইরে চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে তিনি কারটি বানানো শুরু করেন।

তিনি আরও জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।

ওয়াকিমুল ইসলামের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাহনটি তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্টকার তৈরির পরামর্শও দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ এপ্রিল তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গাড়িটি চালিয়ে তাকে উৎসাহিত করেন।