News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা : মজুরি বোর্ড

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-25, 8:53am

img_20261125_085252-bcb23c2dbc2a8f5b517c682e0b157a9c1795575230.jpg




পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতৈক্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরে এক বিফ্রিংয়ে এতথ্য জানিয়ে বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান আরও জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।