News update
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     
  • Fugitives can’t be brought back from Delhi through violence: Kobir     |     
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     

পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ইন্ধন

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-19, 4:47pm

img_20261119_164512-fe5a537c111f4d4d02345df6c43370fb1795085270.jpg




তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্তও জানিয়েছে বোর্ড। কিন্তু এরপরও শিল্পাঞ্চলে বিক্ষোভ, কারখানা ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা থামছে না।

ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের পেছনে পরিকল্পিত রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে প্রশ্ন উঠেছে।

শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, শিল্প পুলিশের পর্যবেক্ষণ এবং অস্থিরতায় অর্থায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পদক্ষেপ— সব মিলিয়ে পরিস্থিতির নেপথ্যে রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে।

শিল্প উদ্যোক্তাদের মতে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি বিবেচনায় নিয়ে সরকার যখন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে এবং নতুন মজুরি কার্যকরের সময়সীমাও নির্ধারণ করেছে, তখন আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, উৎপাদন বন্ধ ও সড়ক অবরোধের কোনো যৌক্তিকতা নেই।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম বলেন, মজুরি বোর্ড গঠন এবং ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্তের পরও আন্দোলন অব্যাহত থাকা অস্বাভাবিক। চলমান পরিস্থিতিকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে।

শোভন ইসলাম বলেন, মজুরি বোর্ড গঠনের পর এ ধরনের আন্দোলন আগে কখনও দেখেননি। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কতজন প্রকৃত পোশাক শ্রমিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের বড় অংশই বহিরাগত। একটি মহল দেশের পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির পেছনেও পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন শোভন ইসলাম। তার মতে, শিল্পের বর্তমান সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় না নিয়ে এক ধাপে ১৫৬ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক নয়। তিনি বলেন, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি সামনে রেখে আন্দোলনের একটি প্রেক্ষাপট তৈরি করে রাখা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি দেশের পোশাকশিল্পের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

শিল্প উদ্যোক্তাদের এমন অভিযোগের সঙ্গে শিল্প পুলিশের পর্যবেক্ষণেও রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে। তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার পেছনে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি ও স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি পক্ষের ভূমিকা থাকতে পারে বলেও সন্দেহ করছে শিল্প পুলিশ।

শ্রমিক নেতাদের একটি অংশের সঙ্গে কয়েকটি বড় কারখানার মালিকের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার সূত্র ধরে এ ধরনের যোগসূত্রের বিষয়টি সামনে আসে। পাশাপাশি শ্রমিকের ছদ্মবেশে রাজনৈতিকভাবে সক্রিয় কিছু ব্যক্তি শিল্পাঞ্চলের কারখানায় কাজ নিয়ে অস্থিরতা উসকে দিচ্ছেন বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিল্প পুলিশের সাবেক মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গাজী জসিম নভেম্বরের প্রথম সপ্তাহে বলেন, শ্রমিক নেতাদের একটি অংশের সঙ্গে অতীতে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কয়েকজন কারখানা মালিকের যোগসূত্র তাদের নজরে এসেছে। শ্রমিক নেতাদের একটি বড় অংশের বিগত সরকারের আমলে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। বড় কারখানার মালিকদের মধ্যেও কারও কারও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এসব পক্ষের মধ্যে একটি নেক্সাস রয়েছে বলে পুলিশ ধারণা করছে।

গাজী জসিম আরও বলেন, শ্রমিক নেতাদের কেউ কেউ প্রকাশ্যে সরকারের সঙ্গে এক ধরনের অবস্থান তুলে ধরলেও আড়ালে শ্রমিকদের কাজে না ফেরার জন্য ইন্ধন দিচ্ছেন বলে মনে হচ্ছে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কাজে ফিরবেন বলে প্রত্যাশা করেছিল শিল্প পুলিশ।

শিল্প পুলিশের ধারণা, বিভিন্ন মফস্বল এলাকা থেকে আসা রাজনৈতিকভাবে সক্রিয় কিছু ব্যক্তি শ্রমিক পরিচয়ে শিল্পাঞ্চলের কারখানায় চাকরি নিয়েছেন। নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে না পারা এসব ব্যক্তির কেউ কেউ এখন শিল্পাঞ্চলে অবস্থান করে অস্থিরতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন বলে সন্দেহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করেও পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার ইঙ্গিত পেয়েছে পুলিশ।

অস্থিরতার পেছনে অর্থায়নের অভিযোগও খতিয়ে দেখছে এনবিআর। পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের অর্থায়নের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৫ নভেম্বর সংস্থাটি ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়। তালিকায় বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিতে অর্থের জোগান দেওয়া হয়েছে কি না এবং এর পেছনে কারা অর্থায়ন করেছে, তা অনুসন্ধান করছে সংস্থাটি।

অন্যদিকে, শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, নতুন মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। বোর্ডের পরবর্তী সভা ২৩ নভেম্বর হবে। নতুন মজুরি কার্যকর হওয়ার পর ডিসেম্বর মাসের বর্ধিত বেতন শ্রমিকরা জানুয়ারিতে পাবেন।

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতা— দুই দিকই বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতাসহ সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, কারখানায় অস্থিরতা— উৎপাদন, শ্রমিক কিংবা রপ্তানি কোনোটির জন্যই ভালো নয়। এর নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখাও জরুরি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পোশাকশিল্পের চলমান পরিস্থিতি কেবল নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে হচ্ছে বলে তিনি মনে করেন না।

শিল্পসংশ্লিষ্টদের মতে, তৈরি পোশাক খাত দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র। এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা উৎপাদন ও রপ্তানি আদেশ ব্যাহত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শ্রমিকদের দাবিকে ব্যবহার করে কেউ পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।