News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-11-11, 11:23pm

img_20261111_232140-0d8a9bc45f63af74c62788c888917ae41794417810.jpg




ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন।

এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান।

ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের।

এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ।

তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়।

তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা। শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।