News update
  • Pakistan Welcomes Bangladesh’s Interest in Makkah Pact     |     
  • Nepal Floods Highlight Rising Glacier Risks in Himalayas     |     
  • Deadly floods cause widespread destruction in China, Nepal     |     
  • 80 maunds (3 tons) of hilsa caught in one net in the Bay     |     
  • Glacier collapse likely caused Nepal-Tibet flood, scientists say     |     

ফিফার বিতর্কে ইনফান্তিনোর পাশে সৌদি আরব

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-28, 8:25am

img_20260828_082454-d766c5737baa1e1eab7eda222ebc72f51787883909.jpg




বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন জানায়, ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক যৌথ খোলা চিঠিতে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব বাস্তবায়ন না করার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘এগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’ একই সঙ্গে ফুটবল পরিবারের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটির নেতৃত্বের চলমান প্রচেষ্টার প্রতি সমর্থনও জানানো হয়।

সম্প্রতি ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা সামনে আসে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ উদ্যোগের অধীনে গঠিত ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব কেনার সুযোগ দেওয়ার কথা ছিল।

তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। চাপের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো।

এরপর থেকেই ২০১৬ সাল থেকে ফিফার শীর্ষ পদে থাকা এই সুইস সংগঠকের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। ১০ আগস্ট এশিয়া, ইউরোপ এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো,কনকাকাফ যৌথ চিঠি প্রকাশ করে ফিফা নেতৃত্বের সমালোচনা করে।

তবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব ভিন্ন অবস্থান নিয়েছে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারসহ এশিয়ার আরও কয়েকটি সদস্য সংস্থাও সৌদি আরবের অবস্থানের সঙ্গে একমত হয়েছে। ফলে আঞ্চলিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অবস্থানের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্ট হয়েছে।

আগামী মার্চে রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। যদিও পদত্যাগের আহ্বান তিনি প্রত্যাখ্যান করেছেন। বিতর্কের মধ্যেই এবার সৌদি আরবের সমর্থন পেলেন ফিফা সভাপতি।