
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। সেই পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ চিলির অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই ৩৯ বছর বয়সী অভিজ্ঞ তারকা।
শনিবার (২৫ জুলাই) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া এই কেপ ভার্দিয়ান গোলরক্ষকের সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে চিলির ক্লাবটি। কোলো কোলোর সভাপতি অনিবাল মোসা জনপ্রিয় আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম ওলেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা তার (ভোজিনহা) সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।
এখন কেবল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে বড় সাফল্য পাওয়ার লক্ষ্যেই এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভিড়োচ্ছে কোলো কোলো।
বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে রাতারাতি তারকা বনে যান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালীন ও পরে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ২৯ মিলিয়নে পৌঁছায়!
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিসহ বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত চিলির ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
কোলো কোলোতে ভোজিনহা পাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজকে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন তারকা ফুটবলারকে।