News update
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     
  • Presidential Election Set for August 20     |     
  • PM Urges Eco-Friendly Steps to Curb Riverbank Erosion     |     
  • Moheshkhali LNG Terminal Resumes Partial Operations     |     
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     

মেসির যে রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-18, 9:23am

53350a9a7ffc540a370c1d810d24898285184a591c719b0b-304564f996ea2c84f33d718b84a881d91781753037.jpg




হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। দুইবার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণ সামলাতে পারেনি ক্রোয়াটরা। ফলে দাপুটে জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল ইংল্যান্ড।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) ইংলিশদের বড় জয়ের রাতে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এর মাধ্যমে একাধিক রেকর্ডে উঠেছে তার নাম। তার মধ্যে একটি রেকর্ডে লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন কেইন, আর অন্য রেকর্ডে ইংল্যান্ডের চূড়ায় উঠেছেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। 

ম্যাচের শুরুর দিকে লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেয়ার সুযোগ পান কেইন। ১২ মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি শট আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

পেনাল্টি থেকে জালে বল জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে। 

কেইনের শট জালে জড়াতেই আরেকটা রেকর্ডে ওঠে তার নাম। ডেভিড ব্যাকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন কেইন (২০১৮, ২০২২ ও ২০২৬)। 

হ্যারি কেইন দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৪০ মিনিটে। আর ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম। বদলি নেমে শেষ দিকে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেন এই ইংলিশ তারকা। 

ইংল্যান্ডের জন্য এই জয় অনেক হিসাবের। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও হয়ে গেল ‘থ্রি লায়ন্স’দের। এছাড়া এই জয়ের মধ্যদিয়ে এল গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল ইংলিশরা।