
রোববার দুবাইতে ইরানের হামলার পর জেবেল আলী বন্দর থেকে ধোঁয়া উঠতে দেখছে মানুষ। ছবি : এএফপি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের চালানো পাল্টা প্রতিশোধমূলক হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির দিকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৫০৬টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
এই ভয়াবহ হামলায় নিহত তিনজনের সবাই প্রবাসী শ্রমিক। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক। আহত ৫৮ জনের শারীরিক অবস্থা ও বর্তমানে তারা কোথায় চিকিৎসাধীন রয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সরাসরি সংঘাত এখন পার্শ্ববর্তী দেশগুলোর সাধারণ নাগরিকদের জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।