News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-04-10, 3:47pm

ghdfgfdgsdf-fd4af422b42b161022579d79aab187811775814449.jpg




উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার (১০ এপ্রিল) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, পুত্রজায়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের ম্যান্ডেটকে সাধুবাদ জানায় এবং নতুন নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার আশ্বাস দেয়।

আলোচনায় উপদেষ্টা মাহ্দী আমিন বাংলাদেশের মানবসম্পদকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশীয় বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং একটি সুসংগঠিত বৃত্তি ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ এবং সামাজিক একীকরণ নিশ্চিত করার জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর দাবি জানান তিনি।  

উপদেষ্টা আরও উল্লেখ করেন, সঠিক সামাজিক সম্পৃক্ততা ও সহায়তা পরিষেবা নিশ্চিত করা গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশীয় সমাজে আরও কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হবে।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বর্তমানে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। উভয় পক্ষই এই শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য এবং দুই দেশের আর্থ-সামাজিক সংযোগে তাদের ইতিবাচক ভূমিকার কথা স্বীকার করেন। মন্ত্রী মালয়েশিয়ার বৈচিত্র্যময় উচ্চশিক্ষা পরিমণ্ডল এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর নেটওয়ার্ক সম্পর্কে আলোকপাত করে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকের শেষাংশে উভয় পক্ষ পারস্পরিকভাবে স্বীকৃত যোগ্যতা, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ এবং শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক প্রোগ্রাম চালু করার বিষয়ে একমত পোষণ করেন। উপদেষ্টা মাহ্দী আমিন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান, যা মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষা নীতির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের আগ্রহ দেখায় মালয়েশীয় পক্ষ।