News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ

পরীক্ষা 2026-11-23, 12:54pm

img_20261123_124452-2c57532737e97fbb89153333ddd896291795416849.jpg




বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকল না।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত থাকবে।

এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

এদিকে, গত ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছিল, আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে। তবে ১৮ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ইউজিসি।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের পথ আরও পরিষ্কার হলো।