News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-02-20, 8:05am

images-9-7a2041ffcb85600187fd70f8085edcf21676858706.jpeg




রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু রয়েছে।

এদিকে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এর আগে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক। রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ভবনটির সামনে এসে পৌঁছেন তিনি।

মেয়র আতিক হ্যান্ড মাইকে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান এবং উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরও সাতটি এবং পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট ১৯টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।