News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-11-17, 7:44am

img_20261117_074443-27013adfb2d76214eec5d1d41d0be4a61794879897.jpg




নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

দাবি অনুযায়ী, কারাগারের অমানবিক পরিস্থিতিতে এক চোখ প্রায় নষ্ট হয়ে গেছে তার। সেইসঙ্গে কারাগারে নিজের জীবন নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব বার্তা দেন ইমরান খান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। খবর দ্য ডনের

চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে জানান, কারাগারে দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তার দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এছাড়া গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।

ইমরান অভিযোগ করেন, তাকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা রেটিনার সমস্যায় আক্রান্ত হন এবং অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ইমরান।

চিঠিতে তিনি আরও বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে তার অভিযোগ, আদালতের সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি।

চিঠির শেষাংশে ইমরান খান বলেন, তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা চাইছেন না। শুধু আগের আদেশগুলো কার্যকর করা ও তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তিনি বলেন, আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।