
নরেন্দ্র মাদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। যদিও, সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন, নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়েই উত্তপ্ত রাজনীতির মাঠ।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা-মাটি-মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল।
এদিকে ২০১৬ থেকে রাজনৈতিক উত্থানের সূচকে পা রাখা বিজেপিও ২০২১ সালে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের ভোটের হার বাড়ায়। আর ক্রমশ দুর্বল হতে শুরু করে বাম-কংগ্রেস শিবির।
বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যাই হোক না কেন, গোটা দেশের নজর সোমবারের ইভিএমের দিকেই। কারণ এদিনই জানা যাবে, রাজ্যটিতে মমতার মা-মাটি-মানুষ সরকারের প্রত্যাবর্তন, না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদির বিজেপির উত্থান হবে। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আসামে এবারও গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আসল চিত্র জানা যাবে ইভিএমের ফল থেকেই। তামিলনাড়ুতেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ।
পুদুচেরিতে লড়াই ছোট হলেও রাজনৈতিক হিসাব বড় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভোট বিশ্লেষকরা বলছেন, সোমবারের ফল শুধু পাঁচ রাজ্যের সরকার গঠনের অঙ্ক নয় বরং তা বুঝিয়ে দেবে ভোটাররা পুরানো সরকারে আস্থা রাখলেন নাকি পরিবর্তনের পথেই হাঁটলেন।