
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শটসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলার প্রাগপুর পল্লীবিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক।
গত বুধবার দিনগত গভীর রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের পর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগের মিটার খুলে নিয়ে যান। এর দায়িত্বে ছিলেন প্রাগপুর পল্লীবিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক।
আজ শুক্রবারও পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন পল্লীবিদ্যুতের এই কর্মকর্তা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। কাট-আউট পর্যবেক্ষণ করে তা অক্ষত অবস্থায় দেখা গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাই শটসার্কিটের কোনো সুযোগ নেই।
সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শটসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।