News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-12, 10:58am

img_20261112_105504-c6a740d7be3e20f135393c5747c7b1761794459510.jpg




গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মৌচাক আমবাগান এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবির সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও তারা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দ্রুত তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা কার্যকর করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।