
সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের সকাল বেলাতেই বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ১২১ রান, আর বাংলাদেশের দরকার ৩ উইকেট। এমন সমীকরণ নিয়ে শেষ দিনে মাঠে নামে দুই দল। ঘণ্টাখানেক পর সাজিদ খানকে সাজঘরে ফেরত পাঠিয়ে রিজওয়ানের সঙ্গে ৫৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরের ওভারের প্রথম বলেই সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরিফুল। শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় সফরকারীরা, আর তাতেই ৭৮ রানের জয় পায় টাইগাররা।
প্রায় বছর দুয়েক আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকবাহিনীদের ধবলধোলাই করলো টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচটি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে সবশেষ টানা চার টেস্টেই জয়ের দেখা পেলো টাইগাররা, যা এবারই প্রথম।
৭ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল আরও ১২১ রান। ১৩৪ বলে ৭৫ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। আগের দিনে তাকে ভালোই সঙ্গ দিয়েছেন সাজিদ খান। তবে আজ খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ব্যাটার। ৩৬ বলে ২৮ রান করা এই ব্যাটারকে শান্ত’র ক্যাচ বানান তাইজুল ইসলাম। পরের ওভারেই রিজওয়ানকে ফেরান শরিফুল ইসলাম। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬৬ বলে ৯৪ রান। এরপেরর ওভারে খুররাম শেহজাদকে ফিরিয়ে বাংলাদেশকে ৭৮ রানের জয় এনে দেন তাইজুল। এই ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার।
৪৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই দ্রুত দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পাকিস্তানের তখন জয়ের জন্য দরকার ৩৩৬ রান, আর টাইগারদের দরকার ৮ উইকেট।
তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। দলীয় ১৩৩ রানের মাথায় বাবর আজমকে হারায় পাকিস্তান। তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে বাবরের ব্যাট থেকে আসে ৫২ বলে ৪৭ রান।
সৌদ শাকিল অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৫৪ রানের মাথায় আউট হন তিনি। নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে মাত্র ৬ রান।
শাকিল ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক শান মাসুদ। ১১৬ বলে ৭১ রান করে তাইজুলের শিকার হন পাক অধিনায়ক। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ২২৪ বলে ১৩৪ রান। ১০২ বলে ৭১ রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম।
এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি এই স্পিনার। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। ১৩৪ বলে ৭৫ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ১২১ রান। আর বাংলাদেশের দরকার তিন উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সেই ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন কুমার দাস। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৩২ রানে। বাবর আজমের ৬৮ ও সাজিদ খানের ৩৮ রান ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি।
৪৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের হাফ-সেঞ্চুরিতে ৩৯০ রানে অলআউট হয় টাইগাররা।