News update
  • PM stresses discipline, professionalism, public trust in armed forces     |     
  • COP17: Can the World Deliver on Its Biodiversity Goals?     |     
  • Dhaka Ranks 8th in Global Pollution Index on Sunday     |     
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     

ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-10-17, 8:20am

img_20261017_082037-beaa804aa2440acfd5bcbe0523b2a7231792203650.jpg




জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

জবি ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের জায়গা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। এ পরিবেশ বজায় রাখতে সবার ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান দেখানো জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, আবেগ বা উসকানির বশবর্তী হয়ে কোনো পক্ষেরই এমন পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। যেকোনো জটিল সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।

একই সঙ্গে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের অধিকার ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জবি ছাত্রদল। পাশাপাশি শান্তিশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতিও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।