News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

তরমুজ নয়, চরের উর্বর জমিতে ধান চাষ বাড়ানোর আহ্বান

আমদানি নির্ভরতা কমাতে কৃষিনীতি পুনর্বিন্যাসের পরামর্শ

কৃষি 2026-11-11, 10:59pm

shahabuddin-farazi-president-krishak-oikya-foundation-speaking-from-a-charland-9723018314fad602effee7addde50db71794416392.jpeg

Shahabuddin Farazi, President, Krishak Oikya Foundation speaking from a charland.



খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চরাঞ্চলে লবণাক্ততা সহনশীল ধানের জাত উদ্ভাবন, সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। বঙ্গোপসাগরের মোহনা থেকে শুরু করে মেঘনা, তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন নদীর বুকে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। প্রতিবছর পলি জমে এসব জমি উর্বর হয়ে ওঠে। অথচ ধান চাষে পর্যাপ্ত লাভ না হওয়ায় কৃষকরা অধিক মুনাফার আশায় এসব জমিতে তরমুজ চাষের দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দীন ফরাজী মনে করেন, অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ব্যবহারের ফলে চরাঞ্চলের কৃষিজমির দীর্ঘমেয়াদি উর্বরতা ও মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে লবণাক্ত পানির অনুপ্রবেশ এবং সেচসংকট কৃষির জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

তিনি বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে তরমুজ চাষের পরিবর্তে ধান চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। এ জন্য চরাঞ্চলের উপযোগী লবণাক্ততা সহনশীল উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন, সৌরবিদ্যুৎচালিত আধুনিক সেচব্যবস্থা এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে এসব উর্বর চরাঞ্চল ধান চাষের আওতায় আনা সম্ভব হলে দেশের খাদ্য উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং তরমুজ চাষকেন্দ্রিক অতিরিক্ত সারের চাহিদার চাপও কমানো সম্ভব হবে। এতে সার ব্যবস্থাপনায় ভারসাম্য প্রতিষ্ঠা এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা মিলবে।

শাহাবুদ্দীন ফরাজী বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কৃষি উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রকৃত কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কৃষকের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কৃষিনীতি গ্রহণ করতে হবে।

আমাদের লক্ষ্য শুধু কৃষকের উৎপাদন বাড়ানো নয়, কৃষকের জমি, মাটির উর্বরতা ও দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করে একটি টেকসই ও স্বনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তোলা।